আনিস সুমন ,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে সাবেক স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে এবং ওই ঘটনা ধামাচাপা দিতে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে—এমন দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দিলীপ কুমার রায় নামে এক ব্যক্তি।
সোমবার (১০ আগস্ট) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার মীটা চণ্ডীপুর গ্রামের মৃত কাত্তিক চন্দ্র রায়ের ছেলে দিলীপ কুমার রায়।
লিখিত বক্তব্যে দিলীপ কুমার রায় দাবি করেন, হরিনগর এলাকার দিলীপ মল্লিকের মেয়ে চম্পা রানী তার সাবেক স্ত্রী। গত ৬ আগস্ট রাতে হরিনগর গ্রামে চম্পা রানী আব্দুল মান্নানের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হন বলে তিনি দাবি করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।
দিলীপ কুমার রায় অভিযোগ করেন, ওই ঘটনা ধামাচাপা দিতে চম্পা রানী গত ৮ আগস্ট শ্যামনগর রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন। তবে চম্পা রানীর করা অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত উল্লেখ করে বলেন, দাম্পত্য জীবনে থাকা অবস্থায় বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্কের কারণে তাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়।
তিনি আরও দাবি করেন, একপর্যায়ে চম্পা রানী ও আব্দুল মান্নান তার বসতভিটা লিখে দেওয়ার জন্য তাকে চাপ ও হুমকি দিতে থাকেন। এমনকি তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
দিলীপ কুমার রায় আরও বলেন, জমি লিখে না দেওয়ায় তাকে ফাঁসাতে চম্পা রানী নিজেকে আহত দেখিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং পারিবারিক আদালতে মামলা করেছেন। এছাড়া নন-জিআর মামলা করা হয়েছে, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বর্তমানে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
তবে সংবাদ সম্মেলনে করা এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত চম্পা রানী বা আব্দুল মান্নানের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

