আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ার পার্শ্ববর্তী রামশীল ইউনিয়নের পহরবাড়ি গ্রামে হরি মন্দির নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে হরিদাস পান্ডে (৬০) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, পহরবাড়ি গ্রামে একটি হরি মন্দির নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে পূর্ববিরোধের জেরে হরি মন্দির কমিটির সদস্য ও স্থানীয় ব্যবসায়ী হরিদাস পান্ডের ওপর হামলার অভিযোগ ওঠে।
অভিযোগ রয়েছে, একই এলাকার অনুকূল পান্ডে, কোমদ পান্ডে ও নারায়ন পান্ডে হরিদাস পান্ডেকে এলোপাতাড়ি মারধর করে আহত করেন। এ সময় তার সঙ্গে থাকা চার হাজার টাকা হামলাকারীরা নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত হরিদাস পান্ডেকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় হরিদাস পান্ডের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

