Nabadhara
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম ও জরুরি বন্ধু-মিত্র: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ ও জরুরি বন্ধু এবং মিত্র।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গৌরনদীসহ এ অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করে আসছেন। সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির চর্চা এ অঞ্চলের মানুষের মধ্যে দীর্ঘদিনের। আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে সেই সম্প্রীতির বিষয়টি আবারও প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশকে তুলনামূলকভাবে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। দেশকে আরও সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে হলে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। এ জন্য দেশের সব মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি বজায় রাখা জরুরি। এটি শুধু সুখ-শান্তির বিষয় নয়, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গেও সরাসরি সম্পৃক্ত।

জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকরা উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির অন্যতম প্রধান বাজার। একই সঙ্গে বিপুলসংখ্যক বাংলাদেশি অভিবাসী যুক্তরাষ্ট্রে কাজ করছেন এবং তারা দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন।

তিনি আরও বলেন, তৈরি পোশাক রপ্তানি ও যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। পাশাপাশি বাংলাদেশে বিদেশি সরাসরি বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অংশীদার। এসব বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠতম ও জরুরি বন্ধু এবং মিত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

প্রায় ঘণ্টাব্যাপী আন্তঃধর্মীয় সংলাপে গৌরনদী ক্যাথলিক চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব বশির আহম্মেদ পান্না, ধর্মীয় নেতা মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রী ও ফাদার মাইকেল দেউরি।

এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংলাপ শেষে দুপুরে গৌরনদী উপজেলার সরিকল এলাকায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি তার স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে গৌরনদীতে আসায় এলাকাবাসীর পক্ষ থেকে রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।