আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় পুলিশের অভিযানে চার পিস ইয়াবা ট্যাবলেটসহ রেজাউল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে এসআই সোহাগ মিয়া ও এসআই সাহিদুর রহমান ৯ আগস্ট রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামের নওয়াপাড়া ঢালাই রাস্তার মোড় থেকে ওয়াপদার দিকে যাওয়ার পথে আব্দুল মান্নানের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে রেজাউল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক রেজাউল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সেহারা গ্রামের মৃত সামত আলীর ছেলে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা করা হয়েছে। ১০ আগস্ট সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

