ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় তানিয়া জাহান (২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) রাত ১১টার পর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তানিয়া ওই এলাকার প্রবাসী আক্তারুল হকের মেয়ে এবং বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মানবিক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রী। চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল সে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর তানিয়া তার মা ও ছোট বোনের সঙ্গে বাড়িতেই ছিল। একপর্যায়ে ছোট বোন সাদিয়াকে পড়াশোনা করানোর পর তানিয়া নিজ কক্ষে চলে যায়। কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে যায়। পরে বিদ্যুৎ আসার পর মা কবিতা খাতুন খাবারের জন্য তানিয়াকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে কক্ষে যান। সেখানে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করেন। বাড়িতে চিকিৎসক ডেকে আনা হলে তিনি তানিয়াকে মৃত ঘোষণা করেন।
তানিয়ার মা কবিতা খাতুন বলেন, সন্ধ্যার পর থেকে তারা সবাই একসঙ্গেই ছিলেন। মেয়েকে এমন অবস্থায় দেখতে হবে, তা তিনি কখনো কল্পনাও করেননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম জানান, তানিয়া গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি। এ বছর পরীক্ষায় অংশ নিয়ে দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

