দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর রিফুজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত মোজাম মন্ডলকে (৪৫) আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
আটক মোজাম মন্ডল একই এলাকার আজিত মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে ৫ বছরের ওই শিশুটি খেলাধুলা করতে গিয়ে প্রতিবেশী মোজাম মন্ডলের বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে মোজাম মন্ডল শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসলে মোজাম মন্ডল পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
ঘটনার বর্ণনা দিয়ে শিশুটির মা শারমিন আক্তার (৩৫) বলেন, মোজাম মন্ডল আমাদের প্রতিবেশী। আমার ছোট্ট মেয়েটি খেলতে খেলতে ওদের বাড়িতে গেলে মোজাম তাকে একা পেয়ে অনৈতিক কাজের চেষ্টা চালায়। মেয়ের চিৎকার শুনে আশপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে।
পরে পরিবারের লোকজনের সাথে পরামর্শ করে আমি দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযুক্ত মোজামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মোজাম মন্ডলকে আটক করতে সক্ষম হয়েছি। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর ধর্ষণের চূড়ান্ত ঘটনা নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

