মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও ভারতে আটক তিন নাগরিককে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিজিবি ও বিএসএফের ক্যাম্প কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর তাদের ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, ইছাখালী সীমান্তসংলগ্ন এলাকায় নিজ জমিতে মরিচখেতে কীটনাশক স্প্রে করতে গেলে বাংলাদেশি কৃষক আব্দুল মান্নান (৭০)কে বিএসএফ সদস্যরা আটক করে নিয়ে যায়। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এরপর সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় কৃষককে স্থানীয়রা আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। আটক ভারতীয় নাগরিকরা হলেন—সচিন কর্মকার ও নারায়ণ দেব।
আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তসংলগ্ন এলাকায় প্রায় দেড় বিঘা জমিতে কাঁচা মরিচসহ বিভিন্ন ফসল চাষ করে আসছেন।
আব্দুল মান্নানের নাতি ইব্রাহিম খলিলুল্লাহ জানান, বিএসএফ তার দাদাকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। তবে তাকে ছেড়ে না দেওয়ায় স্থানীয়রা দুই ভারতীয় কৃষককে আটক করে বিজিবির কাছে নিয়ে আসেন। পরে বিষয়টি সমাধানে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী আটক তিন নাগরিককে ছেড়ে দিয়েছে।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ইছাখালী বিজিবি বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার আবু হানিফ এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন নব চন্দ্রপুর কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রাজীব কুমার।

