দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ চরচিলমারী বিওপির একটি টহল দল মানিকেরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এরপর একই রাতে রাত ৩টার দিকে প্রাগপুর বিওপির টহল দল গরুরা ঈদগাহ এলাকায় অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ হাজার ২৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানিয়েছে, পৃথক অভিযানে উদ্ধার করা অস্ত্র, গুলি ও ভারতীয় মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যের প্রবেশ ঠেকাতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

