জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছর পেরিয়ে ৫১তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে কালাই সাংবাদিক পরিষদ কার্যালয়ে শিক্ষা অনুরাগী, সুধীজন ও সাংবাদিকদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক করতোয়ার কালাই উপজেলা প্রতিনিধি ও কালাই সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. তাইফুল ইসলাম ফিতা, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বকুল, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাইহান আলী, জয়পুরহাট প্রেসক্লাবের সহসভাপতি কাজী তানভিরুল ইসলাম রিগ্যান ও কার্যনির্বাহী সদস্য মো. আতাউর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি আব্দুল করিম।
অনুষ্ঠানে কালাই সাংবাদিক পরিষদের সহসভাপতি ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মুনছুর রহমান, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি এসএম সউদ আব্দুল্লাহ, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তোহিদুল ইসলাম তালুকদার লায়নর, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মোকাররম হোসাইন, নয়াদিগন্ত ডিজিটালের প্রতিনিধি রবিউল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে কোমলমতি শিশুদের হাতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটানো হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দৈনিক করতোয়ার দীর্ঘ পথচলার সাফল্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন। তারা পত্রিকাটির সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখে আগামীতেও পাঠকের আস্থা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দৈনিক করতোয়ার সুনাম অক্ষুণ্ন রাখা এবং পত্রিকাটির সম্পাদক মোজাম্মেল হকসহ করতোয়া পরিবারের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

