ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় রুবেল খন্দকার (২০) নামে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি সোহেল মোল্লাকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) বিকেলে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল খন্দকার বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৪ জানুয়ারি নগরকান্দার একটি আবাসিক মাদ্রাসার ১০ বছর বয়সী শিক্ষার্থী হেদায়েত উল্লাহ নিখোঁজ হয়। পরদিন ১৫ জানুয়ারি অপহরণকারীরা শিশুটির বাবার মোবাইল ফোনে কল করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় শিশুটির বাবা মো. কামাল খন্দকার নগরকান্দা থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে রুবেল খন্দকার ও সোহেল মোল্লার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত রুবেল খন্দকারকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। অপর আসামি সোহেল মোল্লার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রুবেলকে সাজা দিয়েছেন। অপর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

