ভেদরগঞ্জ(শরীয়তপুর)প্রতিনিধি
শরীয়তপুরের সখিপুর থানার মধ্যে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জন করেছে চরভয়রা উচ্চ বিদ্যালয়। এ বছর বিদ্যালয়টির পাঁচ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টির মোট পাসের হার ৭৪ দশমিক ৪৪ শতাংশ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চরভয়রা উচ্চ বিদ্যালয় থেকে ৯০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬৭ জন উত্তীর্ণ এবং ২৩ জন অনুত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন।
নিয়মিত ৭১ পরীক্ষার্থীর মধ্যে ৬০ জন উত্তীর্ণ ও ১১ জন অনুত্তীর্ণ হয়েছে। নিয়মিত পরীক্ষার্থীদের পাসের হার ৮৪ দশমিক ৫১ শতাংশ। অন্যদিকে, ১৯ জন অনিয়মিত পরীক্ষার্থীর মধ্যে সাতজন উত্তীর্ণ এবং ১২ জন অনুত্তীর্ণ হয়েছে। অনিয়মিত পরীক্ষার্থীদের পাসের হার ৩৬ দশমিক ৮৪ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে ২২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে পাসের হার শতভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৪১ জনের মধ্যে ৩২ জন উত্তীর্ণ এবং নয়জন অনুত্তীর্ণ হয়েছে। এ বিভাগে পাসের হার ৭৮ দশমিক ০৪ শতাংশ।
মানবিক বিভাগে ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন উত্তীর্ণ এবং ১৪ জন অনুত্তীর্ণ হয়েছে। এ বিভাগে পাসের হার ৪৮ দশমিক ১৪ শতাংশ।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের নিউজ এডিটর বেনজীর আহমেদ ফলাফলে সন্তোষ প্রকাশ করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, “এ ফলাফল আমাদের জন্য উৎসাহব্যঞ্জক। বিশেষ করে বিজ্ঞান বিভাগে শতভাগ পাস এবং পাঁচজন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে ফলাফল আরও ভালো করতে দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়া হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের শতভাগ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা এবং অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, “এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে আমরা সন্তুষ্ট। বিশেষ করে বিজ্ঞান বিভাগে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়া এবং পাঁচজনের জিপিএ-৫ অর্জন আমাদের জন্য আনন্দের বিষয়। এ ফলাফলের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করে ফলাফল ভালো করার জন্য আমরা পরিকল্পিতভাবে কাজ করব।”

