আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সবুজ, বাসযোগ্য ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরার আশাশুনিতে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রকল্পের উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন এবং উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) দাতা সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহায়তায় বাস্তবায়নাধীন ‘Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerabilities-III (ICRDCV-III)’ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। চলতি বছরে প্রকল্প এলাকায় ৫ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় সাতক্ষীরা জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় বৃক্ষরোপণ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি কার্বন শোষণ, মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিকল্পিত সবুজায়নের মাধ্যমে উপকূলীয় মানুষের দুর্যোগ-সহনশীলতাও বাড়ানো সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান, বন কর্মকর্তা রিজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিব কুমার দাস, পিআইও আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারকুজ্জামান তুষান এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রকল্প সমন্বয়কারী (হিউম্যানিটারিয়ান) এসএম মনোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রায় ৫০০ শিক্ষার্থী, প্রকল্পের উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রকল্পের উদ্দেশ্য, কৌশল ও চলমান কার্যক্রম তুলে ধরেন ইউএসডি (ICRDCV-III) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. শামসুল হক মৃধা। তিনি জলবায়ু ঝুঁকি মোকাবিলা, দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে স্থানীয় প্রতিষ্ঠান ও জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রকল্পের উদ্যোগে ইতোমধ্যে প্রতাপনগর ইউনিয়নে ৮৫০টি এবং শ্রীউলা ইউনিয়নে ৮৫০টি বৃক্ষের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। আশাশুনি সদর ইউনিয়নে আরও ৮৩০টি চারা বিতরণ ও রোপণ করা হচ্ছে। তিনটি ইউনিয়নে মোট ২ হাজার ৫৩০টি বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম সম্পন্ন হচ্ছে। এছাড়া কর্ম এলাকায় ইএসডিওর বাস্তবায়নাধীন রচি প্রকল্পের মাধ্যমে আরও ২ হাজার ৫০০টি বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়েছে।

