নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
“সচেতন হই, সচেতন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র্যালি করেছে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কলেজের বিএনসিসি প্লাটুন ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে র্যালিটি শেষ হয়।
র্যালি শেষে ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছানোয়ারা সুলতানা, উপাধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলী, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, বিএনসিসি প্লাটুনের কমান্ডার রিয়াজ মোর্শেদসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনায় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

