ফরিদপুর প্রতিনিধি
দেশের উন্নয়নের স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভবন কাম বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ১৭ বছর ধরে দেশে বিনা ভোটের ও স্বৈরাচারী সরকার ছিল। তারা জনগণকে শোষণ করেছে, কিন্তু মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর কোনো কাজ করেনি। ফ্যাসিবাদী সরকারের আমলে সারা দেশে নির্যাতন চালানো হয়েছে। এসব নির্যাতনের প্রতিবাদে বিএনপির হাজার হাজার নেতাকর্মী আত্মাহুতি দিয়ে জুলাই বিপ্লব ঘটিয়েছে। এর ফলে খুনিরা দেশ ছেড়ে পালিয়েছে।
তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষ উন্নয়ন চায়, তারা ফ্যাসিবাদ ও স্বৈরাচার দেখতে চায় না। যারা অপরাধ করেছে, গুলি করে শিশুদের হত্যা করেছে এবং দণ্ডপ্রাপ্ত, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের আইন অনুযায়ী বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
সরকারি অর্থ অপচয় রোধের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের টাকা যাতে নষ্ট না হয় এবং কোনো অসৎ চক্র যাতে দুর্নীতির সুযোগ না পায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সরকারের লক্ষ্য শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতের উন্নয়ন এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা।
দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। বাংলাদেশে যাতে বিদেশি বিনিয়োগকারীরা বেশি বেশি বিনিয়োগ করতে পারেন, সে জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা জরুরি।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম এবং ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।

