আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
রোগীদের সেবার পরিবেশ উন্নয়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হাসপাতালের জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, হাসপাতাল চত্বর, মূল ফটকের সামনের অংশ ও ড্রেন পরিষ্কার করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি জীবাণুনাশক স্প্রে করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব বলেন, ‘রোগীরা চিকিৎসা নিতে এসে যেন পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ পান, সেটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মী সবার জন্যই গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, হাসপাতালের পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, হাসপাতালের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হলে রোগী ও স্বজনদের জন্য আরও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
অভিযানে উপস্থিত ছিলেন ডা. শিশির কুমার গাইন, ডা. মিরন হালদার, ডা. এইচ এম সোহাগ, ডা. শামীম হোসেন, ডা. শাহানাজ পারভীন সেতুসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

