বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে বীরগঞ্জ মডেল মসজিদে মতিউর রহমানকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় বীরগঞ্জ বিজয় চত্বর মোড়ে ‘বীরগঞ্জের ইসলামপ্রিয় সচেতন মহল’-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৫ আগস্ট থানা মসজিদ থেকে আওয়ামী লীগের দোসর হিসেবে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে মতিউর রহমানের বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে উগ্রবাদী ও জঙ্গি সম্পৃক্ততা, বলাৎকার এবং বিভিন্ন মসজিদে ইমামতি করার সময় মুসল্লিদের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা গুরুতর অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা।
বক্তারা বলেন, এসব অভিযোগের বিষয়টি যথাযথভাবে যাচাই-বাছাই না করে মতিউর রহমানকে বীরগঞ্জ মডেল মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারা এ নিয়োগের প্রতিবাদ জানান এবং বিষয়টি পুনর্বিবেচনার দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন থানা মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আজগর আলী মাস্টার, আলহাজ্ব মোজাম্মেল হোসেন, হাফেজ ক্বারী মাওলানা মোতাসেম বিল্লাহ, মহুগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলামসহ স্থানীয় মুসল্লি ও সচেতন মহলের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, মসজিদের ইমাম নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা, নৈতিক চরিত্র ও অতীত কর্মকাণ্ড যথাযথভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন। তারা মতিউর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

