আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় মনসামঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয় গুপ্ত প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী গৈলা মনসা দেবীর মন্দিরে বার্ষিক পূজা উপলক্ষে ‘বেহুলা’ সংকলন স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার গৈলা মনসা মন্দিরের অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।
মনসা মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সভাপতি ড. বিনয় ভূষণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, মন্দির কমিটির সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার দাস, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নির্বাহী কমিটির মহাসচিব সঞ্জয় গুপ্ত, মন্দির কমিটির সাবেক সভাপতি তারক চন্দ্র দে, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম এবং গৌরনদী ক্যাথলিক চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, যুবদল নেতা হেমায়েত তালুকদার, হাবিবুর রহমান মুন্সি, রাজ্জাক ফকির, জসিম মোল্লা, কার্তিক বেপারী এবং মন্দির কমিটির সদস্য সুশান্ত কর্মকার, কাজল দাশ গুপ্ত, প্রসেনজিৎ দে, দিলীপ কর্মকার, গৌতম চন্দ্র সরকার, সুনীল কুমার দাস, দেব দুলাল বাড়ৈ, গৌরঙ্গ লাল বাড়ৈসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার দাস জানান, মনসা দেবীর পূজা ও তাঁর মাহাত্ম্যকে কেন্দ্র করে ‘বেহুলা’ সংকলন প্রকাশ করা হয়েছে। এতে মনসা দেবীর পূজা পদ্ধতি, মন্ত্র, গীত এবং পূজাসংক্রান্ত বিভিন্ন তথ্য স্থান পেয়েছে। ভক্তদের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মনসা দেবীর পূজা ও সংশ্লিষ্ট সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতে সংকলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও নিরুপম মজুমদার বলেন, এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ড সুষ্ঠু সমাজ বিনির্মাণে অবদান রাখে। পাশাপাশি হিন্দু ধর্ম ও ঐতিহ্যবাহী মনসা মন্দির সম্পর্কে মানুষের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।
তিনি মনসা দেবীর বার্ষিক পূজা উপলক্ষে প্রকাশিত ‘বেহুলা’ সংকলনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

