Nabadhara
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন, নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতা আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মিছিল ও কেক কেটে কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় টুঙ্গিপাড়া উপজেলায় মিছিল থেকে সংগঠনটির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে টুঙ্গিপাড়া উপজেলায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিছিল বের করা হয়। মিছিল চলাকালে সেখান থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে জেলা ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিএম ইউনুস ভূঁইয়া। পরে মিছিলকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে কেক কাটেন। এতে সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

একই সময়ে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের ভেড়ার বাজার এলাকায় নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে আরেকটি মিছিল বের করা হয়। মিছিল থেকে রঙিন ধোঁয়া উড়িয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে সড়কে অবস্থান নিয়ে কেক কেটে জন্মদিনের কর্মসূচি পালন করেন অংশগ্রহণকারীরা।

এ ছাড়া শহরের আবু সাঈদ সড়ক থেকে সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শেখ রাবিদের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কে গিয়ে শেষ হয়। সেখানেও কেক কেটে কর্মসূচি পালন করা হয়।

জেলার বিভিন্ন স্থানেও ঝটিকা মিছিল ও কেক কাটার খবর পাওয়া গেছে। এসব কর্মসূচির ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।