মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুরের মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং মনিরামপুর সমিতি, ঢাকার মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন এবং মনিরামপুর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ।
চুক্তির আওতায় মনিরামপুর সমিতির সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে নির্ধারিত চিকিৎসাসেবায় বিশেষ ছাড়সহ বিভিন্ন সুবিধা পাবেন। পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
মনিরামপুর সমিতির সভাপতি ও শিল্পপতি আবুল কালাম আজাদ বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক প্রয়োজন। আমাদের সদস্য ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ। একটি স্বনামধন্য হাসপাতালের সঙ্গে অংশীদারিত্বের ফলে প্রয়োজনের সময়ে সদস্যরা মানসম্মত চিকিৎসাসেবা সহজে গ্রহণের সুযোগ পাবেন। ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।”
সমিতির সাধারণ সম্পাদক এস এম আতাউর রহমান কনি বলেন, “এই সমঝোতা শুধু চিকিৎসাসেবায় ছাড় পাওয়ার একটি চুক্তি নয়; এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি সামাজিক উদ্যোগ। বিশেষ করে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করতে চাই।”
হাসপাতালের এজিএম ও হেড অব মার্কেটিং মো. হাফিজুর রহমান বলেন, “মনিরামপুর সমিতির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে সমাজের আরও বেশি মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এটি আমাদের সামাজিক দায়বদ্ধতারও অংশ।”
অনুষ্ঠানে মনিরামপুর সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. ইদ্রিস আলী ও মো. জিয়াউদ্দীন বাবলু, সাংগঠনিক সম্পাদক মো. হাসানুজ্জামান, হাসপাতালের সহকারী ব্যবস্থাপক আব্দুল কুদ্দুসসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উভয় পক্ষের কর্মকর্তারা জানান, এই অংশীদারিত্বের ধারাবাহিকতায় ভবিষ্যতে স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি, চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। এর মাধ্যমে মনিরামপুরের মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হবে।

