উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে এক কৃষকের এক একর ১২ শতাংশ জমির আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বৈরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়ে তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়া মৌজার খতিয়ান নম্বর ৯২ ও দাগ নম্বর ১৫৮২-এর এক একর ১২ শতাংশ জমিতে আধাপাকা ধান চাষ করেছিলেন বৈরবাড়ী গ্রামের মৃত নগেন্দ্র দেবনাথের ছেলে কিশোরী মোহন দেবনাথ। মঙ্গলবার সকাল ৬টার দিকে ওই জমির ধান কেটে নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
কিশোরী মোহন দেবনাথ বলেন, “বাপ-দাদার আমল থেকে আমরা এই জমি চাষ করে আসছি। হঠাৎ করে জমির সম্পূর্ণ ধান কেটে নিয়ে যাওয়ায় আমি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
তিনি আরও জানান, এ ঘটনায় তিনি বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে হিরামনি গ্রামের মো. হাকিম উদ্দিনের ছেলে মো. জিয়া বলেন, “ওই জমির ধান আমরা কেটে নিয়ে এসেছি। জমিটির প্রকৃত মালিক আমরা। তাই নিজেদের জমির ধান আমরা কেটে নিয়ে এসেছি।”
এদিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা জমির মালিকানা ও ধান কাটার বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি আমি জানি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

