যশোর প্রতিনিধি
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক নারীর গলার সোনার চেইন চুরির চেষ্টার অভিযোগে আমেনা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। আটক আমেনা খাতুন ফরিদপুরের ভাঙ্গা থানার দাউসপাড়া এলাকার জুয়েল মিয়ার স্ত্রী।
অভিযোগকারী রাবেয়া খাতুন (৬০) ঝিনাইদহ সদর উপজেলার বৈয়ডাঙ্গা বাজার এলাকার মোকসেদ আলীর স্ত্রী। তিনি মেয়ের বাড়িতে বেড়াতে এসে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে যান। পরে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ালে পেছন থেকে আমেনা খাতুন তাঁর গলার সোনার চেইন নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন রাবেয়া খাতুন।
বিষয়টি টের পেয়ে রাবেয়া খাতুন আমেনাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে হাসপাতালের আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা তাঁকে হেফাজতে নেন। খবর পেয়ে কোতোয়ালি থানার পুরাতন কসবা ফাঁড়ির পুলিশ হাসপাতালে গিয়ে আমেনা খাতুনকে আটক করে থানায় নিয়ে যায়।
যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

