কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাহউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম সরকার, এনসিপির উপজেলা সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ইদ্রিস আলী, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ, কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান ও ওসি (তদন্ত) আনোয়ার হোসেনসহ অনেকে।
সভায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও জুয়ার বিস্তার রোধ, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং কৃষকদের মধ্যে সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও পাপিয়া সুলতানা বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। চুরি-ছিনতাই রোধে থানাপুলিশের তৎপরতা আরও বাড়াতে হবে। সভায় উত্থাপিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিষয়গুলো রেজুলেশনে অন্তর্ভুক্ত করা হবে।
তিনি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

