মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে মিছিল ও বোমা বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীর নাম উল্লেখ করে ১৩১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার (২২ নভেম্বর) রাতে বিএনপিকর্মী রফিকুল ইসলাম বাদী হয়ে মনিরামপুর থানায় নাশকতার অভিযোগে মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার রাতে রফিকুল ইসলাম কাঁঠালতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে কাঁঠালতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে দেড় শতাধিক নেতাকর্মীকে লোহার রড, রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করতে দেখেন তিনি। এ সময় মিছিলকারীরা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার পাশাপাশি বিএনপি-জামায়াতের বিরুদ্ধে গালিগালাজ করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, রফিকুল ইসলাম এগিয়ে গিয়ে প্রতিবাদ করলে মিছিলকারীরা তাঁকে গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মিছিলকারীরা তাঁদের লক্ষ্য করে কয়েকটি বোমা নিক্ষেপ করেন। তবে বোমাগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে দূরে বিস্ফোরিত হয়।
মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, পৌর কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. কামরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, শ্রমিকলীগ নেতা বাবুল করিম বাবলু, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ ৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফসিয়ার রহমান এবং হরিহরনগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইমরান বাবুকে গ্রেপ্তার করেছে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

