জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এক কলেজছাত্রীর সঙ্গে অবস্থানকালে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওয়াজেদ আলী (৪২) নামে এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ। এ সময় ওই কলেজছাত্রীকেও থানায় নেওয়া হয়। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।
আটক ওয়াজেদ আলী জয়পুরহাট জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।
পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার জয়পুরহাটে এসে তার সঙ্গে দেখা করেন ওই ছাত্রী। রাত ১১টা থেকে ১টা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালন শেষে ব্যারাকে না ফিরে তিনি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় ওই ছাত্রীর সঙ্গে অবস্থান করছিলেন।
তাদের আচরণ সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। একপর্যায়ে দুজন নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়।
মঙ্গলবার দুপুরে থানায় গিয়ে দেখা যায়, ওয়াজেদ আলীকে হাজতে এবং কলেজছাত্রীকে নারী ও শিশু সহায়তা কক্ষে রাখা হয়েছে।
ওই কলেজছাত্রী জানান, রাতে হাসপাতালে অবস্থানকালে লোকজন তাদের আটক করেন। পরে পুলিশ থানায় নিয়ে আসে। ওয়াজেদ আলীর স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি তিনি জানেন। তার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও ওয়াজেদের চাকরির ক্ষতি হোক, তা তিনি চান না। এ ঘটনায় তিনি কোনো মামলা করবেন না বলেও জানান।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ কারারক্ষী ও কলেজছাত্রীকে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।
জয়পুরহাট কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, সোমবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত দায়িত্ব পালনের পর মঙ্গলবার সকাল ৬টা থেকে ওয়াজেদ আলীর আবার দায়িত্ব পালনের কথা ছিল। তবে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পুলিশ কারা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

