দিনাজপুর প্রতিনিধি
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে দিনাজপুরের দক্ষিণাঞ্চলের ছয় উপজেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। শুক্রবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ৪ হাজার ৭২০ জন শিক্ষার্থী অংশ নেয়।
এরই অংশ হিসেবে বিরামপুর উপজেলায় বিরামপুর আদর্শ হাইস্কুল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৫টি কক্ষে আয়োজিত এ পরীক্ষায় ৮৩৭ জন শিক্ষার্থী নিবন্ধন করলেও অংশ নেয় ৭৪৩ জন। ৬৫ জন শিক্ষকের তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষায় চতুর্থ থেকে দশম শ্রেণির স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কেন্দ্রের সার্বিক দায়িত্বে ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের বিরামপুরের দায়িত্বশীল মো. জাহিরুল ইসলাম। হল সচিবের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. এনামুল হক। এ সময় কেন্দ্র পরিদর্শক ও উপদেষ্টা পরিষদের সদস্য শাহিনুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দিনাজপুরের পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিরামপুরে ২০২৫ সাল থেকে এ আয়োজন শুরু হয়। সে হিসাবে এবার দ্বিতীয়বারের মতো মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো।
পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ—দুই ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন শিক্ষা বৃত্তি, নগদ অর্থ, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।
অভিভাবকরা জানান, পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, আত্মবিশ্বাস ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা এ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
দিনাজপুর জেলা দক্ষিণ কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

