মো. মিজানুর রহমান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় মেয়াদোত্তীর্ণ পশু-পাখি ও মাছের খাদ্য মজুদ এবং বৈধ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে দুই ফিড ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৪০ কেজি মেয়াদোত্তীর্ণ ফিড জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার টেপামধুপুর ও ভায়ারহাট বাজারে অভিযান চালিয়ে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।
অভিযানে টেপামধুপুর বাজারের শফিকুল ফিড স্টোরে বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় দোকানের মালিক শফিকুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ভায়ারহাট বাজারে সজল কুমার মিত্রের দোকানে গরু, মুরগি ও মাছের মেয়াদোত্তীর্ণ খাদ্য মজুদ এবং বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাঁর দোকান থেকে ১২ বস্তায় মোট ২৪০ কেজি মেয়াদোত্তীর্ণ ফিড জব্দ করা হয়।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল। পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ফিড মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
ইউএনও পাপিয়া সুলতানা জানান, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী মজুদ ও বিক্রি এবং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইনে তাঁদের জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, ভেজাল পণ্যবিরোধী অভিযান ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। পশুখাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।

