বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ৭৫ শতক জমির ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জমির মালিক মো. আনোয়ার হোসেন (৪২)। এ ঘটনায় প্রতিকার চেয়ে তিনি বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভোলানাথপুর মৌজার ২২১ নম্বর খতিয়ানের ৫২০ নম্বর দাগে ৭৫ শতক জমি নিয়ে আনোয়ার হোসেনের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছে। জমিটি পৈতৃক সূত্রে পাওয়া এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে বলে দাবি তাঁর। এ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও চলমান রয়েছে।
আনোয়ার হোসেনের অভিযোগ, গত ১৯ অক্টোবর সকালে জমিতে গিয়ে তিনি ধানক্ষেতে আগাছানাশক প্রয়োগের বিষয়টি দেখতে পান। এতে ক্ষেতের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। জমি নিয়ে পূর্ববিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করলেও কে বা কারা আগাছানাশক প্রয়োগ করেছে, তা তিনি নিশ্চিত নন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ধানক্ষেতে কারা রাসায়নিক দ্রব্য প্রয়োগ করেছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। তবে ক্ষেতের ধান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তাঁরা।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ফসলের ক্ষতির জন্য দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তিনি।

