নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার তালতলা গ্রামে এক সন্তানের জননীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী মামলা দায়েরের পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সদরের রঘুনাথপুর গ্রামের খায়রুল শেখের ছেলে আল আমিন শেখ সাব্বির (২২) এবং মূলদাইড় গ্রামের আব্দুস সাত্তার মোল্যার ছেলে নূরনবী মোল্যা (২৮)। তালাকপ্রাপ্ত ভুক্তভোগী নারীর একটি সন্তান রয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বৃহস্পতিবার (১২ নভেম্বর) জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ১০ নভেম্বর থানায় তিন জনের নামে মামলা দায়ের করেন। ওইদিন রাতে সাব্বিরকে এবং বুধবার রাতে নূরনবীকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নূরনবী বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামি তালতলা গ্রামের মোমরেজের ছেলে বিপ্লবকে (৪০) গ্রেফতারের চেষ্টা চলছে।
ভুক্তভোগী নারী এজাহারে উল্লেখ করেন, তারা পরিবারসহ শহরের ভওয়াখালী এলাকায় বসবাস করেন। গত ৪ নভেম্বর বিকেলে ভাইয়ের সঙ্গে সংসারের বিভিন্ন বিষয় নিয়ে কলহের পর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান। গাড়িভাড়া কম থাকায় ভাইয়ের বন্ধু সাব্বিরকে ফোন করে সমস্যার কথা জানান। সাব্বির তাকে নাকশী মাদরাসা বাজারে আসতে বলে এবং পরে ভ্যানে করে তালতলা গ্রামে বিপ্লবের বাড়িতে নিয়ে যায়। সেখানে সাব্বির ও বিপ্লব ছাড়া আর কেউ ছিলেন না।
রাত ৯টার দিকে সাব্বির ঘরের দরজা বন্ধ করে মোবাইল ফোন নিয়ে নেন এবং হত্যার ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরদিন ৫ নভেম্বর রাত ৮টার দিকে সাব্বির ও বিপ্লব তাকে নূরনবীর বাড়িতে নিয়ে যান। সেখানে নূরনবী একাধিকবার ধর্ষণ করেন। ৬ নভেম্বর গভীর রাতে অসুস্থ বোধ করলে নূরনবী সাব্বিরকে খবর দেন। পরে বিপ্লব এসে তাকে আবার তার বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
সুযোগ বুঝে ভুক্তভোগী তার ভাইকে ফোন করে ঘটনা জানান। ৭ নভেম্বর ভোরে নূরনবী তাকে নড়াইল স্টেডিয়ামের পাশে একটি বাড়িতে রেখে চলে যান। ৮ নভেম্বর রাত ১টার দিকে ভাই লোকজন নিয়ে তাকে উদ্ধার করেন। এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে হত্যার ভয়ভীতি দেখিয়ে ৪ থেকে ৮ নভেম্বর ধর্ষণ করেছে। এ ঘটনায় দুইজনকে সাক্ষী রাখা হয়েছে।

