কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, মেধা ও মননশীলতার বিকাশ এবং ডিভাইস আসক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রথম আলোর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লেখক, ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি ও প্রথম আলোর উপদেষ্টা মুনির হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও লেখক জেসমিন আক্তার এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার।
প্রতিযোগিতায় ‘ক’ শাখায় ১২২টি প্রাথমিক বিদ্যালয়ের ১২২ জন এবং ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ শাখায় ৩৯টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯ জন শিক্ষার্থী অংশ নেয়।
প্রাথমিক শাখায় লাজিনা তাসনিম ও জান্নাতুল ফেরদৌস যৌথভাবে প্রথম, জান্নাতুল ফেরদৌস ও হাবিবুল্লাহ রাফিন যৌথভাবে দ্বিতীয় এবং তাহসিন আকন্দ তৃতীয় স্থান অর্জন করে। ‘খ’ শাখায় ইয়াছিন আরাফাত প্রথম, সাদিয়া সুলতা দ্বিতীয় এবং ফাহিমা আক্তার ও নবদ্বীপ কুমার সূত্রধর যৌথভাবে তৃতীয় হয়। ‘গ’ শাখায় সাইফ আল-হাসান প্রথম, নুসরাত ফারিয়া ও আলী আজগর যৌথভাবে দ্বিতীয় এবং লিরিক চন্দ্র তৃতীয় স্থান অর্জন করে। ‘ঘ’ শাখায় ফাহমিদা খান প্রথম, মোসা. জান্নাতুল দ্বিতীয় এবং তাছমিয়া আক্তার সিমরান তৃতীয় হয়।
উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, প্রকৌশলী মো. রেজাউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইউএনও এ টি এম কামরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করা, ডিভাইস আসক্তির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ইতিবাচক ব্যবহারে উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

