Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে আগাম টমেটো চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
নভেম্বর ১৩, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

বাগেরহাটের চিতলমারীতে আগাম টমেটো চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা। অনুকূল বাজারদর পাওয়ায় দিন দিন বাড়ছে এ চাষের প্রতি আগ্রহ। উপজেলার বিভিন্ন এলাকার আবাদি জমি ও চিংড়ি ঘেরের পাড়ে ব্যাপকভাবে টমেটো চাষ করা হয়েছে। ইতোমধ্যে আগাম টমেটো বাজারে উঠতে শুরু করেছে। এখানকার উৎপাদিত টমেটো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়নের কয়েক হাজার কৃষক টমেটো চাষের সঙ্গে যুক্ত রয়েছেন। বিশেষ করে চিংড়ি ঘেরের পাড়ে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের টমেটো চাষ করা হয়েছে। আগাম টমেটো বাজারে তুলতে পারলে তুলনামূলক ভালো দাম পাওয়া যায়। এ কারণে কৃষকদের মধ্যে আগাম চাষের আগ্রহ বাড়ছে। বর্তমানে টমেটো গাছের পরিচর্যায় দিন-রাত ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণিরা।

কৃষিপ্রধান এ উপজেলার কৃষকরা ঘেরে মাছ চাষের পাশাপাশি ঘেরের পাড়ে বিভিন্ন ধরনের সবজি আবাদ করেন। ধান, পাট, গম, কলাই, সূর্যমুখীসহ বিভিন্ন রবি ফসলের পাশাপাশি টমেটোও অন্যতম অর্থকরী ফসল হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতি বছর টমেটো চাষ থেকে উল্লেখযোগ্য আয় করেন কৃষকরা। এবার আগাম টমেটো বাজারে তুলে ভালো দাম পাওয়ায় তাঁদের প্রত্যাশা আরও বেড়েছে।

উপজেলার কুরমনি গ্রামের টমেটোচাষি অবনী কুমার বালা জানান, তিনি আড়াই বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। ফলনও বেশ ভালো হয়েছে। ইতোমধ্যে বাজারে টমেটো বিক্রি শুরু করেছেন। প্রতি মণ টমেটো ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা দরে বিক্রি করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো লাভের আশা করছেন তিনি।

দুর্গাপুর গ্রামের কৃষক সুব্রত মণ্ডল জানান, তিনি চিংড়ি ঘেরের পাড়ে টমেটো চাষ করেছেন। গাছগুলোতে বেশ ভালো ফলন দেখা যাচ্ছে। বাজারদর ভালো থাকলে উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো লাভ হবে বলে আশা করছেন তিনি। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চিতলমারীর টমেটোর চাহিদা রয়েছে বলেও জানান তিনি।

চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সিফাত-আল-মারুফ জানান, এ উপজেলার কৃষকরা সব ধরনের ফসল চাষেই বেশ আগ্রহী। তবে আগাম টমেটো চাষে তাঁদের আগ্রহ তুলনামূলক বেশি। কারণ, এ সময়ে বাজারে ভালো দাম পাওয়া যায়। উপজেলায় বিউটিফুল-২, রিগেল, মেজর, হাইটম, বিপুল প্লাস, আন্ডারফুল-২ ও বিউটিসহ প্রায় ৩০ জাতের টমেটো চাষ হয়েছে।

তিনি আরও জানান, চলতি বছর উপজেলায় ৮৮০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ২১ হেক্টর বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরও কৃষকরা টমেটো চাষে লাভবান হবেন বলে আশা করছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।