মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টা ৪ মিনিটের দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তাঁরা দুজনই ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার বাসিন্দা। রাফির বাবার নাম মনজুরুল আলম বাবু এবং জ্যোতির বাবার নাম জাহাঙ্গীর আলম।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩ নম্বরের মোটরসাইকেলটিকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
সড়ক দুর্ঘটনা এড়াতে যানবাহনের নির্ধারিত গতিসীমা মেনে চলা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার এবং ট্রাফিক আইন অনুসরণের পাশাপাশি চালক ও যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

