মাছুম বিল্লাহ জুয়েল, কাঁঠালিয়া প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে আটক করে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালান কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন। এ সময় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাফিলা এলাকার মো. নাঈম শরীফ (২০), কাঁঠালিয়ার মধ্য কৈখালী এলাকার মো. মিলন (২৯), বরগুনার তেতুলবাড়িয়া এলাকার মো. নিজাম (৩৯), দক্ষিণ তেতুলবাড়িয়া এলাকার মো. ইসমাইল (২৭) এবং রাজাপুর উপজেলার আরুয়া এলাকার মো. হায়দার সিকদারকে (৩২) আটক করা হয়।
অভিযান শেষে তাঁদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে ভ্রাম্যমাণ আদালত। আদালত প্রত্যেককে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনায় কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন জানান, বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ীকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না।

