রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের সদর শাখার মূল ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ফটকের সঙ্গে লাগানো একটি বৈদ্যুতিক তার পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে আগুন ধরানোর কাজে ব্যবহৃত একটি বোতলের পোড়া অংশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে আনুমানিক ২টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের উত্তর পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া সদর শাখায় এ ঘটনা ঘটে।
ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মীর লায়েক আলী জানান, রাত ২টার দিকে ঘুম ভেঙে জানালা দিয়ে অস্বাভাবিক আলো দেখতে পান তিনি। পরে নিচে তাকিয়ে ব্যাংকের মূল ফটকে আগুন জ্বলতে দেখেন। এ সময় চিৎকার করে অন্যদের ডাকেন এবং নিচে নেমে আসেন। পরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মিলে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, আগুন নেভানোর পর আশপাশে খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগুনে একটি বৈদ্যুতিক তার পুড়ে গেছে। ঘটনাস্থলে আগুন ধরানোর কাজে ব্যবহৃত একটি বোতলের পোড়া অংশও পাওয়া গেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের মূল ফটকে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
কারা এবং কী উদ্দেশ্যে ব্যাংকের ফটকে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

