যশোর প্রতিনিধি
যশোর শহরের বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদ এখন অনেকটা বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। নদে নেই স্বাভাবিক পানিপ্রবাহ, চারদিকে ছড়িয়ে পড়েছে কচুরিপানা। ব্রিজের ওপর দিয়ে চলাচলের সময় নাকে আসে তীব্র দুর্গন্ধ। প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে পুনঃখনন করা হলেও শহরের গুরুত্বপূর্ণ অংশে নদটির নাব্য ফেরেনি। বরং হাসপাতাল, ক্লিনিক, বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের বর্জ্যে দূষিত হচ্ছে নদীর পানি।
নদের এমন দুরবস্থা থেকে উত্তরণে কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন যশোরের চিকিৎসক ডা. সাদিয়া মনোয়ারা ঊষা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বেচ্ছায় নদে নেমে কচুরিপানা অপসারণে অংশ নিচ্ছেন। তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন আরেক চিকিৎসক ডা. শুক্লা রহমান। পর্যায়ক্রমে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি ছাত্রদল ও বিএনপির তরুণ কর্মীরাও এ কাজে অংশ নিয়েছেন।
তবে নদীর দূষিত পানিতে নেমে কাজ করার ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নদীর পানিতে থাকা ক্ষতিকর পদার্থ ও চিকিৎসাবর্জ্য স্বেচ্ছাসেবকদের জন্য সংক্রমণসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মুরটি গ্রামে পদ্মার শাখা জলঙ্গি থেকে ভৈরব নদের উৎপত্তি। মেহেরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নদটি চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও খুলনার বিভিন্ন এলাকা অতিক্রম করে রূপসা নদীতে মিলেছে। এর মোট দৈর্ঘ্য প্রায় ১৩৩ কিলোমিটার।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২৭২ কোটি ৮১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে ‘ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের’ কাজ শুরু হয় ২০১৬ সালের ১ জুলাই। পরে প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়। সংশোধিত প্রকল্প ব্যয় দাঁড়ায় ২৭৯ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকা।
প্রকল্পের আওতায় চৌগাছা উপজেলার তাহেরপুর থেকে যশোর সদর উপজেলার বসুন্দিয়া পর্যন্ত ৯২ কিলোমিটার নদ পুনঃখনন করা হয়। এছাড়া বসুন্দিয়া থেকে আফরা ঘাট পর্যন্ত চার কিলোমিটার নদ ড্রেজিং করা হয়। শহরের দড়াটানা এলাকায় নদের তীরে সাত কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ২০০ মিটার সৌন্দর্যবর্ধনের কাজও করা হয়।
তবে নদের ওপর নির্মিত ৫২টি অপরিকল্পিত সেতু পানিপ্রবাহ ও নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রূপসা-ভৈরবের মিলনস্থল থেকে বসুন্দিয়া পর্যন্ত ৪১ কিলোমিটার নদ প্রবহমান থাকলেও বসুন্দিয়া থেকে রূপদিয়া পর্যন্ত ২১ কিলোমিটার অংশে পানির প্রবাহ ক্ষীণ। অন্যদিকে রূপদিয়া থেকে তাহেরপুর পর্যন্ত প্রায় ৭১ কিলোমিটার অংশে পানির প্রবাহ নেই।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভৈরব নদের দড়াটানা ও বারান্দীপাড়া ব্রিজ এলাকার পানিতে দ্রবীভূত অক্সিজেনের (ডিও) পরিমাণ উদ্বেগজনকভাবে কম। অন্যদিকে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা (বিওডি) স্বাভাবিকের তুলনায় বেশি।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক আতাউর রহমান জানান, জলজ প্রাণীর স্বাভাবিক অস্তিত্বের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা সাধারণত প্রতি লিটারে ৫ মিলিগ্রাম বা তার বেশি থাকা প্রয়োজন। কিন্তু দড়াটানা পয়েন্টে এর মাত্রা পাওয়া গেছে ৩ দশমিক ৮১ মিলিগ্রাম। অন্যদিকে বিওডির স্বাভাবিক মান ৬-এর নিচে থাকার কথা থাকলেও দড়াটানা পয়েন্টে পাওয়া গেছে ৯।
বিশেষজ্ঞদের মতে, এসব তথ্য নদের পানিতে জৈব দূষণের মাত্রা বেশি হওয়ার ইঙ্গিত দেয়। শহরের অর্ধশতাধিক হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, হোটেল-রেস্তোরাঁ ও আবাসিক এলাকার বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।
চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম মোর্তুজা বলেন, ভৈরবের পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ ও চিকিৎসাবর্জ্য রয়েছে। ব্যবহৃত ব্লেড, সিরিঞ্জসহ ধারালো বর্জ্যের সংস্পর্শে এলে সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। এ ছাড়া দূষিত পানির সংস্পর্শে ত্বকের বিভিন্ন রোগ হতে পারে। তাই যারা কচুরিপানা পরিষ্কার করছেন, তাঁদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিতে হবে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজনীন নাহার বলেন, কচুরিপানা অপসারণ জরুরি। তবে নদীর দূষিত পানি মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। যারা এ কাজে অংশ নিচ্ছেন, তাঁদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে হবে।
ডা. সাদিয়া মনোয়ারা ঊষা বলেন, সুস্থ থাকতে শুধু ওষুধ ও জীবনযাত্রার পরিবর্তন যথেষ্ট নয়, প্রয়োজন সুন্দর পরিবেশও। কিন্তু শহরের প্রাণ ভৈরব নদ এখন বড় ড্রেনে পরিণত হয়েছে। তিনি নদটির পানিতে আবার আকাশের ছায়া দেখতে চান।
ডা. শুক্লা রহমান বলেন, ‘আমরা শুরু করেছি। সরকারকে বলতে চাই, এই শহরের মানুষের বুক ভরে শ্বাস নেওয়ার জায়গার খুবই অভাব। নদটাকে সচল করতে পারলে এর তীরে এসে শ্রান্ত মানুষ একটু প্রশান্তি পেতে পারে।’
কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা অনিল বিশ্বাস বলেন, তরুণ-যুবকদের এ উদ্যোগ প্রশংসনীয়। তবে তাঁদের একার পক্ষে নদটিকে বাঁচানো সম্ভব নয়। ভৈরবকে বাঁচাতে সম্মিলিত প্রচেষ্টা ও নাগরিক আন্দোলন প্রয়োজন। আন্দোলনের মাধ্যমে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করতে হবে।
পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি বলেন, ভৈরবের কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তবে দূষিত পানির বিষয়টি বিবেচনায় নিয়ে কাজ করা উচিত। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ পানি উন্নয়ন বোর্ড কচুরিপানা অপসারণের কাজ শুরু করবে। ওই সময়ে পানির উচ্চতা কম থাকায় কাজ করা তুলনামূলক সহজ হবে।
এদিকে দুই চিকিৎসকের উদ্যোগে একাত্মতা প্রকাশ করেছে যশোর জেলা বিএনপি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় জেলা বিএনপি এ কাজে সহায়তার জন্য এক লাখ টাকার একটি চেক দিয়েছিল। তবে উদ্যোক্তারা চেকটি ফিরিয়ে দিয়ে স্বেচ্ছাসেবকদের কাজে যুক্ত করার আহ্বান জানান। পরে বিএনপির কয়েকজন তরুণ কর্মীও কচুরিপানা অপসারণে অংশ নেন।
সব মিলিয়ে ভৈরবের কচুরিপানা পরিষ্কারে নাগরিক উদ্যোগ প্রশংসিত হলেও শুধু কচুরিপানা অপসারণে নদটির দীর্ঘদিনের সংকট কাটবে না। দূষণের উৎস বন্ধ, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত, অপরিকল্পিত সেতুর প্রতিবন্ধকতা দূর এবং নিয়মিত খননের মাধ্যমে পানিপ্রবাহ ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ।

