আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৮ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে স্ত্রীকে তালাক দিয়েছেন হোসেন মৃধা নামে এক ব্যক্তি। বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল এবং এক মণ মিষ্টি বিতরণ করে এলাকায় আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার ফলিয়া গ্রামে নিজের বাড়িতে এ আয়োজন করেন হোসেন মৃধা। তাঁর ব্যতিক্রমী আয়োজনের খবর ছড়িয়ে পড়লে তা দেখতে বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, ফলিয়া গ্রামের মনিহাল মৃধার ছেলে হোসেন মৃধা পেশায় প্রথম শ্রেণির মেরিন মাস্টার। প্রায় ১৮ বছর আগে একই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আশরাফিয়া পিংকীর সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও দুই মেয়েসন্তান রয়েছে।
হোসেন মৃধার দাবি, স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিক আলোচনা ও সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। একপর্যায়ে তিনি স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন।
তালাকের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের আয়োজন করেন তিনি। হোসেন মৃধা জানান, দীর্ঘদিনের মানসিক কষ্ট ও দাম্পত্য জীবনের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করার প্রতীকী পদক্ষেপ হিসেবে এ আয়োজন করেছেন।
তিনি বলেন, ১৮ বছরের সংসারে তিনটি সন্তান রয়েছে। সন্তানদের ভবিষ্যৎ ও সংসারের শান্তির কথা বিবেচনা করে দীর্ঘদিন অনেক কষ্ট সহ্য করেছেন। কিন্তু পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে তালাকপ্রাপ্ত স্ত্রী আশরাফিয়া পিংকীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
১৮ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ এবং বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের এ ঘটনা নিয়ে আলফাডাঙ্গার স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

