ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে রাজু হত্যার বিচার দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুহুল কবির রিজভী।
আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লাসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, রাজু হত্যার পর তাঁর বাবা-মায়ের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। সন্তান হত্যার বিচার দেখে যেতে পারবেন কি না, সেই শঙ্কা ও বেদনা নিয়ে তাঁরা দিন কাটাচ্ছেন। রাজু হত্যার বিচার বাংলার মাটিতেই হবে বলে তিনি আশ্বাস দেন।
শেখ হাসিনার সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, তিনি ভারতে বসে মানুষ হত্যার পরিকল্পনা ও নির্দেশনা দিচ্ছেন। তাঁর দাবি, ক্ষমতায় থাকাকালে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে জেল-জুলুমের মাধ্যমে বাংলাদেশকে উন্মুক্ত কারাগারে পরিণত করা হয়েছিল।
বিএনপি শান্তিতে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, জ্বালাও-পোড়াও ও সহিংসতার রাজনীতি বিএনপি পছন্দ করে না। তবে ধৈর্যেরও একটি সীমা রয়েছে। সেই সীমা অতিক্রম করলে আর নীরব থাকা সম্ভব হবে না।
রাজু হত্যার বিচার প্রসঙ্গে রিজভী বলেন, রাজু ও তাঁর মায়ের কান্না কখনো বিফলে যাবে না। তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের নৈরাজ্যের অংশ হিসেবে হামলার ঘটনায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা নিহত হন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদেই বুধবার এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

