ফরিদপুর প্রতিনিধি
যেকোনো মূল্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর কখনো এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর শহরে হাজার হাজার মোটরসাইকেলের অংশগ্রহণে আয়োজিত শান্তি শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
চৌধুরী নায়াব ইউসুফ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে। প্রয়োজনে জীবন দিয়ে হলেও দেশের মানুষের সুখ-শান্তি বিনষ্টকারীদের এ দেশে কোনো স্থান দেওয়া হবে না।
শোভাযাত্রায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশসহ জেলা ও মহানগর বিএনপি এবং মহানগর যুবদলের নেতারা।
হাজার হাজার মোটরসাইকেলের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কমলাপুরের তেঁতুলতলায় গিয়ে শেষ হয়।

