টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে একটি মুদি দোকান। এতে দোকানে থাকা প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন দোকানমালিক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার পর উপজেলার নিলফা বাজারের মনোয়ারা মার্কেটে শেখ হাসিবুর রহমানের মালিকানাধীন ‘শেখ হাসিব স্টোরে’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার পর দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন পথচারীরা। এ সময় তারা চিৎকার করে স্থানীয়দের জড়ো করেন। পরে বালতিতে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনে দোকানের মালামালসহ পুরো দোকান পুড়ে যায়।
প্রথম ধোঁয়া দেখতে পাওয়া পথচারী খালিদ মোল্লা বলেন, ‘আমিই প্রথম দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখি। পরে চিৎকার করে লোকজন জড়ো করি। সবাই মিলে বালতিতে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করি।’
দোকানমালিক শেখ হাসিবুর রহমান বলেন, ‘প্রায় আট বছর আগে দোকানটি শুরু করেছিলাম। দোকানে প্রায় ২০ লাখ টাকার মালামাল ছিল। আগুনের কারণে কিছুই বের করতে পারিনি। এই দোকানই ছিল আমার একমাত্র আয়ের উৎস। এখন পরিবার নিয়ে পথে বসতে হবে।’
এদিকে, সাম্প্রতিক সময়ে টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ফায়ার সার্ভিসের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে অগ্নিকাণ্ডের মতো ঘটনায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

