Nabadhara
ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কৃষক দল নেতা রাজু হত্যা: নিক্সনকে প্রধান আসামি করে ৯৬ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুর প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৬ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৪০) হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করে ৯৬ জনের নাম উল্লেখসহ মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার পাঁচ দিন পর শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে ১ নম্বর আসামি এবং তাঁর ৯৫ জন অনুসারীকে আসামি করা হয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বর রাত সোয়া ৯টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় হামলার শিকার হন রাজু মোল্লা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, নিক্সন চৌধুরীর নির্দেশ ও অর্থায়নে অন্য আসামিরা হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা মশাল জ্বালিয়ে সড়কে ইটের খোয়া, পাথরের টুকরা ও বাঁশের লাঠি রেখে প্রতিবন্ধকতা তৈরি করেন। তাঁদের কাছে সড়কি, রামদা, চাপাতি ও ককটেলসহ দেশীয় অস্ত্র ছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারের বর্ণনা অনুযায়ী, রাত পৌনে ৮টার দিকে আসামিরা মোটরসাইকেলসহ রাজু মোল্লার গতিরোধ করেন। একপর্যায়ে ২ নম্বর আসামি শাহাদাৎ খয়রাতি (৪১) ধারালো সড়কি দিয়ে তাঁর কোমরের ডান পাশে আঘাত করেন। এ ছাড়া আরও কয়েকজন আসামি তাঁকে মারধর করেন। পরে সড়কে টেনেহিঁচড়ে নেওয়ায় তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, খবর পেয়ে রাত সোয়া ৮টার দিকে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান ও এসআই খালিদ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং এসআই খালিদ মাহমুদের কাছ থেকে একটি ওয়াকিটকি ছিনিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত রাজু মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রোববার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার দিন আটক হওয়া ২৬ জনকে এ মামলায় আসামি করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, তিনি সবে এজাহারের কপি পেয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করে পরে জানাতে পারবেন।

উল্লেখ্য, মামলার এজাহারে উল্লিখিত অভিযোগগুলো বাদীর বক্তব্য; তদন্ত শেষে এসব অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।