কুষ্টিয়া প্রতিনিধি
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে, আর পলাতক ফ্যাসিস্টরা লাশের রাজনীতি করে। হাসপাতাল, মসজিদ ও মন্দিরে অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। ফ্যাসিবাদী শক্তি পুরোনো কায়দায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণ যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রস্তুতি পর্যবেক্ষণ করতে তিনি স্টেডিয়াম পরিদর্শন করেন।
মন্ত্রী বলেন, বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড কুষ্টিয়ায় আনুষ্ঠানিকভাবে বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ আয়োজন কুষ্টিয়াবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। একই সফরে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।
এর আগে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কুষ্টিয়ায় আসেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। প্রধানমন্ত্রীর সফরে দুটি খাল খননকাজ উদ্বোধনের কথা রয়েছে। এ উপলক্ষে প্রতিমন্ত্রী খাল দুটির কয়েকটি স্থান পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

