শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি চরে পদ্মা নদীতে দিনে দুপুরে প্রবাসী আল আমিনকে (২৫) হত্যা মামলার আরও দুইজন আসামিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন পাবনা জেলার আমিনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত একরাম মন্ডলের ছেলে রুবেল মন্ডল (২০) এবং একই এলাকার টিক্কা সরাদারের ছেলে মো. শাকিল সরদার (২৪)।
৪ মে রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে পাবনা জেলার আমিনপুর থানার গোবিন্দপুর এলাকা হতে তাদের দুজনকে গ্রেফতার করে পুলিশ।
এ নিয়ে এ হত্যা মামলায় ৫ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ।
উল্লেখ্য, মৃত আল আমিন পাবনা জেলার আমিনপুর উপজেলার রাম নারায়নপুর গ্রামের মৃত বক্কার মন্ডলের ছেলে। মালয়েশিয়া থেকে ৪ মাস আগে দেশে আসেন তিনি।
থানা ও পুলিশ সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল আনুমানিক সকাল ১০ টার দিকে মালয়েশিয়া প্রবাসী আল আমিনকে (২৮) পূর্ব পরিকল্পিতভাবে বিয়ে করার উদ্দেশ্যে মেয়ে দেখানোর জন্য রাখালগাছি এলাকায় নিয়ে যায় দূবৃত্তরা। সেখান থেকে ফেরার পথে দুপুর দেড়টার দিকে রাখালগাছি এলাকায় ছুরি দিয়ে গুরুতর আঘাত করে ও ঘাড় মটকিয়ে নদীতে ফেলে দিয়ে হত্যা করে।
এর আগে এ হত্যা মামলার আরও ৩ জন আসামিকে দৌলতদিয়া ও পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে থানা পুলিশ।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতার দুই আসামীদের সোমবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

