কোটালীপাড়া প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটায় মঙ্গলবার (১৩ মে) দিনব্যাপী ১৩তম সুকান্ত মেলার আয়োজন করা হয়।
কবির ৭৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) মো. মঈনুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, ইউপি চেয়ারম্যান আমিনউজ্জামান খান মিলন, রাফেজা বেগম, সমর চাঁদ মৃধা খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলাকে কেন্দ্র করে কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটা ও আশপাশের এলাকা নবরূপে সেজে উঠেছে। উৎসবের আমেজে মেতে উঠেছে এলাকাবাসী। মেলায় শিশুদের জন্য বিভিন্ন খেলনা, নানা ধরনের খাদ্যসামগ্রী এবং হস্ত ও কুটিরশিল্পের পণ্যের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নিবারণ ভট্টাচার্য এবং মাতার নাম সুনীতি দেবী। মাত্র ২১ বছর বয়সে ১৯৪৭ সালের ১৩ মে তিনি মৃত্যুবরণ করেন। ‘ছাড়পত্র’, ‘ঘুম নেই’, ‘পূর্বাভাস’, ‘অভিযান’, ‘হরতাল’ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তার প্রতিটি কবিতায় সমাজের অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের সুর ধ্বনিত হয়েছে।
সুকান্ত মেলা কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার একটি উল্লেখযোগ্য মাধ্যম হিসেবে বিবেচিত হয়।

