যশোর প্রতিনিধি
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা মনিরামপুরের লিতুন জিরাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও মিষ্টিমুখ করালেন যশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না।
গত ১১ জুলাই দুপুরে ইউএনও লিতুন জিরার বাড়িতে গিয়ে তাকে অভিনন্দন জানান এবং নিজ হাতে মিষ্টিমুখ করিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ইউএনও নিশাত তামান্না বলেন, “একাগ্রতা ও প্রবল ইচ্ছাশক্তি থাকলে সবকিছু অর্জন সম্ভব—তার উজ্জ্বল দৃষ্টান্ত লিতুন জিরা। প্রশাসন সব সময় তার পাশে থাকবে।”
হাত-পা ছাড়াই জন্ম নেওয়া লিতুন জিরা থুঁতনি দিয়ে লিখে এবার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় এবং নেহালপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দেয়। ফলাফলে সে পেয়েছে জিপিএ-৫, যা শুনে এলাকাজুড়ে আনন্দ ও গর্বের সঞ্চার হয়।
শুধু পড়ালেখা নয়, গান, কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কৃত হয়েছে লিতুন। শুরু থেকেই স্কুলের সকল পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে সে।
মনিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের হাবিবুর রহমান ও মোছা. জাহানারা বেগম দম্পতির একমাত্র সন্তান লিতুন জিরা। তার জন্মের পর পরিবারে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থাকলেও আজ সে হয়ে উঠেছে আশার আলো।
লিতুনের বাবা হাবিবুর রহমান বলেন, “গণমাধ্যম, প্রশাসন ও সমাজের সহানুভূতিশীল মানুষজন সব সময় পাশে থেকেছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”
মা জাহানারা বেগম বলেন, “সবাই পাশে থাকায় লিতুন আজ এ অবস্থানে এসেছে। ভবিষ্যতেও সবাইকে পাশে পাওয়ার প্রত্যাশা রাখি।”
জেলা প্রশাসকও লিতুন জিরার এ সাফল্যে খুশি হয়েছেন বলে জানিয়েছেন ইউএনও। অচিরেই জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান তিনি।

