তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীর পাতারখাল এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে স্থানীয় জেলেদের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় জেলেরা জানান, তারা নদীতে মাছ ধরতে গিয়ে একটি ভেসে থাকা মরদেহ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে দৌলতখান থানা পুলিশকে জানালে পুলিশ ও নৌপুলিশ যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, উদ্ধারকৃত মরদেহের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশের ধারণা, এটি নিখোঁজ কোনো নারীর মরদেহ হতে পারে, তবে ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

