Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটা সৈকতে ভেসে যাওয়া পর্যটককে স্থানীয়দের উদ্ধার, হাসপাতালে ভর্তি

অশোক মুখার্জি, কলাপাড়া প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে উত্তাল ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়া এক পর্যটককে উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (২৫ জুলাই) সকালে হোটেল সী-ভিউ সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পর্যটকের নাম তানভীর (৩০), তিনি ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। জানা গেছে, বৃহস্পতিবার ৭-৮ জন বন্ধুর সঙ্গে কুয়াকাটায় বেড়াতে আসেন তানভীর। সকালে সৈকতে গোসলে নেমে হঠাৎই জোয়ারের প্রবল স্রোতে গভীর সাগরে ভেসে যেতে থাকেন তিনি।

প্রত্যক্ষদর্শী সৈকত ফটোগ্রাফার মো. মেশকাত জানান, “অনেক পর্যটক একসঙ্গে গোসলে নেমেছিলেন। হঠাৎ একজনকে স্রোতের টানে গভীরে তলিয়ে যেতে দেখি। সঙ্গে সঙ্গে সৈকতে থাকা জেলেদের সহায়তায় তাকে উদ্ধার করি এবং হাসপাতালে পাঠিয়ে দিই। উদ্ধার করার সময় তিনি অত্যন্ত দুর্বল অবস্থায় ছিলেন।”

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রিয়াজ উদ্দিন জানান, “আজ দুপুরে কয়েকজন পর্যটক এক যুবককে অসুস্থ অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর পানি-জনিত সমস্যার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়েছে।”

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ তাপস চন্দ্র জানান, “স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাটি সম্পর্কে নিশ্চিত হই। এখন ওই পর্যটক আশঙ্কামুক্ত। তার হোটেল এবং সহযাত্রীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যাতে পরবর্তী সহযোগিতা নিশ্চিত করা যায়।”

এ ঘটনায় সৈকতের নিরাপত্তা ব্যবস্থাপনা ও পর্যটকদের সতর্কতার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। স্থানীয়রা জানান, ঢেউ বেশি থাকলে সৈকতে পর্যাপ্ত সতর্কবার্তা ও নজরদারি বাড়ানো জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।