যশোর প্রতিনিধি:
“মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ও দেশে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো আল্লাহর আইনের শাসন ও সৎ লোকদের নেতৃত্ব”— এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
রবিবার (২৭ জুলাই) বিকেল ৩টায় যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ড চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে “প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সকল গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পি.আর.) পদ্ধতিতে নির্বাচন”— এই তিন দাবিতে যশোর-৪ আসনে এটাই প্রথম গণসমাবেশ।
সমাবেশে সভাপতিত্ব করেন বসুন্দিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন বাঘারপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা ফজলুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, “যুগে যুগে ফ্যাসিস্ট ও স্বৈরশাসকরা মানুষের অধিকার হরণ করে এসেছে। আজও দেশের জনগণ দুর্নীতি, দমন-পীড়ন ও অন্যায়ের শিকার। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে আল্লাহর আইনের বাস্তবায়ন।” তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক শক্তিকে বিজয়ী করতে আগামীর নির্বাচনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
- কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল
- শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন
- কেন্দ্রীয় আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বায়েজিদ হোসেন
- যশোর জেলা সাবেক পুলিশ অফিসার আলহাজ্ব মিয়া মো. আব্দুল হালিম
- সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আলী সরদার
এছাড়াও বক্তব্য রাখেন:
- যশোর জেলা যুগ্ম সম্পাদক আলহাজ্ব এইচ এম মহসিন
- সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ
- সদর উপজেলা সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন বিশ্বাস
- বাঘারপাড়া উপজেলা সভাপতি মাওলানা বেলাল হোসেন
- অভয়নগর উপজেলা সভাপতি আলহাজ্ব মোকাররাম শেখ প্রমুখ।
গণসমাবেশে বিপুলসংখ্যক জনতা, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

