রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গা এলাকা থেকে পায়েল (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) সকালে নিজ শয়ন ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পায়েল ওই এলাকার আফতাব আলীর ছেলে।
পুলিশ জানায়, পরিবারের সদস্যরা সকালে ঘরে ঝুলন্ত অবস্থায় পায়েলের মরদেহ দেখতে পেয়ে গোবিন্দগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে।
তবে মরদেহ উদ্ধারের সময় পায়েলের হাত-পায়ে শিকল বাঁধা ছিল—এতে করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও রহস্য দানা বাঁধছে।
নিহতের পরিবারের দাবি, পায়েল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং এলাকায় বিভিন্ন সময় চুরির ঘটনায় জড়িত ছিল। এজন্য তাকে নিয়ন্ত্রণে রাখতে শারীরিকভাবে শিকল দিয়ে বেঁধে রাখা হতো।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

