গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বরিশালের গৌরনদীতে দিনব্যাপী স্কুল ও কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ১৪টি স্কুল ও ৪টি কলেজের শিক্ষার্থীরা।
গৌরনদী ক্লাব অ্যান্ড সোসাইটির আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং মাহিলাড়া অনন্তলাল মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হয়। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং রানারআপ হয় মাহিলাড়া ডিগ্রি কলেজ।
বিকেল ৬টায় অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এবং গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার, প্রধান শিক্ষক উত্তম অধিকারী, সহকারী শিক্ষক রোকনুজ্জামান মনির এবং ছাত্র প্রতিনিধিরা। এছাড়া উপস্থিত ছিলেন জুলাই শহীদ ইলিয়াস খানের বড় ভাই মহসীন খানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসচেতনা ও মুক্তচিন্তার বিকাশে বিশেষ ভূমিকা রাখে বলে জানান আয়োজকরা।

