মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
সাত দফা দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে বাগেরহাটের মোল্লাহাটে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের আবুল খায়ের সেতু এলাকায় জোটের নেতাদের স্বাগত জানাতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন।
দুপুর সাড়ে ১২টার দিকে মধুমতি নদীর ওপর আবুল খায়ের সেতু অতিক্রম করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের গাড়িবহর। প্রায় ১ হাজার ২০০ গাড়ির বিশাল বহরটি লংমার্চে অংশ নিতে যাচ্ছিল।
এ সময় মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা হাত নেড়ে এবং শুভেচ্ছা জানিয়ে গাড়িবহরকে স্বাগত জানান। জোটের শীর্ষ নেতাদের একনজর দেখতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ ছাড়া মোল্লাহাট থানা, জয়ডিহি ও গাওলা মাদ্রাসাঘাট এলাকায় মহাসড়কের পাশে নারীদের সুশৃঙ্খল অবস্থান ও অভ্যর্থনা জানানোর দৃশ্যও দেখা যায়।
এ সময় মোল্লাহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাসমত আলী সরদার, সেক্রেটারি মো. হেদায়েত উল্যাহসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

