উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠি গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের পেঁপে ও ফলের বাগান কেটে জমি দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। রোববার (৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভরসাকাঠি গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মোল্লা ১৯৫১ সালে ৭৯ নং ভরসাকাঠি মৌজার দুইটি খতিয়ানের ৮টি দাগের মোট ৭০ শতাংশ জমি ক্রয় করেন। সেই জমিতে তার পুত্র আনোয়ার হোসেন নাসির বাণিজ্যিকভাবে পেঁপে ও বিভিন্ন ফলের চাষ করে আসছিলেন।
তবে রবিবার সকাল ৯টার দিকে একই গ্রামের কথিত ভূমিদস্যু কালুর পুত্র মহিউদ্দিন কিনাই (৩৫) এর নেতৃত্বে নূর মোহাম্মদের দুই পুত্র মনিরুল ইসলাম (২৮) ও জহিরুল ইসলাম (৩২), দুলাল হাওলাদারের পুত্র ওয়াসিম (৩২), জহিরুল ইসলামের পুত্র জিসান (১৮) এবং আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তির একটি দল ওই জমিতে হামলা চালায়। তারা পেঁপে ও অন্যান্য ফলের গাছ কেটে ফেলে জমি জবরদখলের চেষ্টা করে।
বিষয়টি টের পেয়ে মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে অভিযুক্ত মহিউদ্দিন কিনাই বলেন, “এই জমি বিএস রেকর্ড অনুযায়ী আমাদের খসড়ায় অন্তর্ভুক্ত রয়েছে। তাই জমিটি দখল করতে গিয়েছিলাম।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

